বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

২০২৭ সালে ২২ দিনের সরকারি ছুটির খসড়া অনুমোদন

২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন, ২২ দিন ছুটি মিলবে।

২০২৭ সালে ২২ দিনের সরকারি ছুটির খসড়া অনুমোদন

২০২৭ সালের জন্য সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৪ দিন।

সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যত সরকারি ছুটি পাওয়া যাবে ২২ দিন। সোমবার (২ নভেম্বর) মন্ত্রিপরিষদের ২৬তম বৈঠকে এ ছুটির অনুমোদন দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি এ খসড়া তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি শুক্রবার ও দুটি শনিবার, যা সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে।

এছাড়া, বাংলা নববর্ষ ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

খসড়া তালিকায় সরকারি কর্মচারীদের জন্য ধর্মীয় উৎসব উপলক্ষে বছরে অনধিক তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগের বিধানও রাখা হয়েছে। বিভিন্ন ধর্মীয় পর্বের বিবরণও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদ্‌যাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে, যা মিলিয়ে ২২ কার্যকর সরকারি ছুটি।

বিজ্ঞাপন