গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভাড়াটিয়াদের মাধ্যমে যদি কোনো বহিরাগত ব্যক্তি বা অপরাধ চক্রের সদস্য বাসায় অবস্থান করে, তাহলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
২ নভেম্বর সোমবার কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাড়ির মালিকদের উচিত তাদের ভাড়াটিয়াদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি ভাড়াটিয়ারা পরিবারের সদস্যদের বাইরে অন্য কাউকে আশ্রয় দেয় কিংবা কোনো অপরাধী সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করে, তাহলে কালিয়াকৈর থানায় অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে যে, বিষয়টি দ্রুত জানানোর জন্য বাড়ির মালিকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অন্যথায়, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে এর দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এএইচএম ফখরুল হোসাইন বলেন, শ্রমিকদের মধ্যে বহিরাগতদের প্রবেশ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ উল্লেখ করে বাড়ির মালিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গাজীপুরে শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলন চলছে, যা কালিয়াকৈরে বিশেষভাবে প্রভাব ফেলেছে।