সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার সোমবার (২ নভেম্বর) বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে যে অসন্তোষ ও নাশকতার ঘটনা ঘটছে, তা প্রকৃত শ্রমিক আন্দোলন নয়, বরং রাজনৈতিক আন্দোলনের অংশ।
তিনি জানান, মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলন ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটছে, তবে এসব ঘটনার সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সংশ্লিষ্টতা নেই। নাজমা আক্তার বলেন, মিরপুরসহ বিভিন্ন স্থানে শ্রমিকদের নাম ব্যবহার করে নানা ঘটনা ঘটানো হচ্ছে।
গাজীপুরে পরিস্থিতি জটিল হয়ে উঠছে এবং এসব ঘটনাকে রাজনৈতিক ইন্ধন হিসেবে দেখছেন তিনি। তিনি বলেন, 'শ্রমিকদের নাম ব্যবহার করে নাশকতা ও শিল্পকারখানা ভাঙচুরের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা উচিত।'
নাজমা আক্তার আরও বলেন, 'শিল্প-কারখানা ধ্বংস করে তো লাভ নেই।' তিনি সরকারের উদ্যোগের প্রশংসা করে বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও নতুন মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।
নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠনকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তিনি বলেন, 'বোর্ডটি সবার মতামতের ভিত্তিতে গঠন করা হয়েছে।' দ্রুততম সময়ে বোর্ড গঠন করায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া, নাজমা আক্তার সরকারের সহযোগিতা করার পাশাপাশি দ্রুত নতুন মজুরি ঘোষণা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।