স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন। তিনি জানান, শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, "এ কয়েকদিন পরিস্থিতি অস্থিতিশীল করার যে চেষ্টা চলছে, সেখানে কোনো শ্রমিক ভাই-বোন ছিলেন না।"
তিনি আরও বলেন, "শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।" মন্ত্রী সকল পক্ষের সাথে আলোচনা করে দ্রুত ন্যূনতম মজুরি নির্ধারণের কথাও জানান।
এছাড়া, মন্ত্রী ডিসেম্বরে দেশে ফিরতে ইচ্ছুক আসামিদের জন্য সুবিচারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, "যদি কোনো আসামি ফিরতে চান, তাহলে তিনি অতিশিগগিরই যেন প্রত্যাবর্তন করেন। তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার হবে।"