ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেন, "আমি আপনাকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ জানাচ্ছি। যেকোনো মঞ্চে, যেকোনো সময়। সাহস থাকলে আসুন।"
সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধি মোদিকে উদ্দেশ্য করে বলেন, "দেশের মানুষের সঙ্গে মিথ্যা বলা বন্ধ করুন, মোদি জি। বিদেশি সহায়তার কারণেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং এখনও ক্ষমতায় রয়েছেন।"
তিনি আরও অভিযোগ করেন যে, ভারতের আর্থিক ব্যবস্থা সম্পূর্ণরূপে বিদেশিদের নিয়ন্ত্রণ ও সহায়তায় পরিচালিত হচ্ছে। রাহুল গান্ধি উল্লেখ করেন, বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও মোদির পক্ষে রয়েছে।
পোস্টের শেষাংশে তিনি বলেন, "মোদি তার সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার সাহস করবেন না। কারণ, তার সম্পর্কে আমি যা জানি, তা নিয়ে তিনি ভীত।"
এদিকে, রাহুল গান্ধির পোস্টের সঙ্গে যুক্ত দুটি ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য তুলে ধরা হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, "দেশকে বিভক্ত করার চেষ্টা করছে বাধা সৃষ্টিকারী শক্তি, গুজব ছড়াতে ব্যবহৃত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম: মোদি।"
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুজরাটের নর্মদা জেলার একতা নগরে রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে মোদি বলেন, "কিছু শক্তি প্রতিনিয়ত দেশকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে।"
মোদি আরও বলেন, "বিদেশে কারা গোপনে কার সঙ্গে বৈঠক করছে, ভারতবিরোধী শক্তিগুলো কাদের সমর্থন করছে, তা চিহ্নিত করা প্রয়োজন।" তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা নিয়ে জনগণকে সতর্ক করেন।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।