বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস, এমন অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার লক্ষ্ণৌয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজনাথ সিং বলেন, কংগ্রেস ও তার মিত্ররা তরুণদের বিক্ষোভকে রাজনৈতিক সংঘাত তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতার জন্য হুমকি বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, দিল্লিতে ককরোচ জনতা পার্টির কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জাতীয় পতাকা বহন এবং জাতীয় সংগীতের জন্য সিজেপির ১১ জনের দলকে সেন্ট্রাল পার্কে নির্দিষ্ট স্থান বেছে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
কনট প্লেস ও আশেপাশের এলাকার নিরাপত্তা স্বার্থে ১৬৩ ধারা জারি করা হয়েছে। আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সাধারণ মানুষকে বিকেল ৫টায় দলে দলে সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জড়ো হওয়ার আহ্বান জানান। তিনি সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনে বাধা সৃষ্টি করলে প্রয়োজনে ১০০ জায়গার কর্মসূচি দেবে সিজেপি।