ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠনের সদস্যরা শনিবার (২১ নভেম্বর) হায়দরাবাদে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। সংগঠনটি কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করে।
ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং মেটার কার্যালয়ের বাইরে ভাঙচুরের অভিযোগ ওঠে। কংগ্রেসের অভিযোগ, মেটা এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম তাদের দলের অ্যাকাউন্ট ও কনটেন্ট সরিয়ে দিয়ে মোদি সরকারের সুবিধা দিচ্ছে।
মোদি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্থানীয় আইন লঙ্ঘন করে জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন কনটেন্ট সরানো হয়। তবে, কংগ্রেসের নেতারা বলেন, এটি বিরোধী মতকে দমন করার একটি চেষ্টা।
বিক্ষোভ চলাকালে, মেটার কার্যালয়ের বাইরে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দেখা যায় কংগ্রেসের কর্মীদের। তারা ‘যুব কংগ্রেসের অ্যাকাউন্ট ফিরিয়ে দাও’ লেখা ব্যানার প্রদর্শন করেন।
ভারতীয় যুব কংগ্রেসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা গাছের টব ভাঙচুর করছেন এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন।
মেটার পক্ষ থেকে বিক্ষোভের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য সাড়া দেয়নি।
মনু জৈন, যুব সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক দায়িত্বে থাকা সদস্য, জানান, শুক্রবারের বিক্ষোভের পর দুটি অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে। তবে, সরকারের সমালোচনা করা সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের হাজারো অ্যাকাউন্ট এখনো সীমাবদ্ধ রয়েছে।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, চলতি বছরে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাংবাদিকতাসংক্রান্ত কনটেন্ট সরানোর ঘটনা বেড়েছে। নতুন নিয়মের কারণে কনটেন্ট সরানোর অনুরোধ পর্যালোচনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো খুব কম সময় পাচ্ছে।
মেটার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতে ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমাবদ্ধ করা হয়েছে।