শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ক্ষোভ প্রকাশ করেছে নেতাকর্মীরা

ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নেতাকর্মীরা।

ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ক্ষোভ প্রকাশ করেছে নেতাকর্মীরা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।

এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দাবি করেছেন, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান জানান, রাত ২ টার দিকে বারবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপির কার্যালয়ে আগুন দেখতে পান এক নারী। তার চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহুর্তেই আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, বৈরি আবহাওয়ার মধ্যে সন্ত্রাসীরা উপজেলার হাসিলবাগ গ্রামের কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, অচিরেই বিএনপি কালীগঞ্জে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন