পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় করার সিদ্ধান্তের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা আবারও ভাঙচুর করেছেন। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে প্রায় ২৫০ শিক্ষার্থী মাঠটিতে গিয়ে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।
শিক্ষার্থীরা প্রথমে মাঠের প্রবেশপথে থাকা বড় গেটটি ভেঙে ফেলেন। এরপর তারা মেলার জন্য তৈরি করা বিভিন্ন স্টল ও স্টলের টিনের অংশ ভাঙচুর করেন। মাঠের অন্যান্য স্থাপনাতেও তারা হামলা চালান। জানা যায়, পুরোনো বাণিজ্য মেলার মাঠে এশিয়ান বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল, যার জন্য সেখানে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছিল।
শিক্ষার্থীরা দাবি করেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি তাদের বিশ্ববিদ্যালয়ের জায়গা। তারা জানান, এই মাঠটি তাদের ব্যবহারের সুযোগ দিতে হবে, যাতে সেখানে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যায়।
সরকারের পক্ষ থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় করার সিদ্ধান্তের কথা জানানো হলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে শুরু করেন। এর আগে দুই দফায় সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবারের ঘটনাসহ এ নিয়ে তিন দফায় মাঠটিতে ভাঙচুরের ঘটনা ঘটল।
পুলিশের পক্ষ থেকে জানা যায়, মেলা আয়োজকদের গণপূর্ত অধিদফতরের আনুষ্ঠানিক অনুমতি ছিল। সেই অনুমতির ভিত্তিতে সেখানে মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।