প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা তৈরির কোনো পরিকল্পনা সফল হবে না। তিনি আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট প্রকাশ করেন।
মাহদী আমিন উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয়, যা নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকারের সময়ও এই শিল্পের বিকাশে উল্লেখযোগ্য অবদান ছিল।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব গ্রহণের পর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করা হয়েছে।
মাহদী আমিন জানান, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে নতুন মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে, তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, একটি চিহ্নিত মহল গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের উসকানি ও নাশকতার মাধ্যমে শ্রমিকদের বেতনের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। কারখানায় হামলা ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড শ্রমিকদের স্বার্থের পরিপন্থী।
মাহদী আমিন সতর্ক করেন যে, কারখানা ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাই, যা দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, সন্ত্রাস ও ভাঙচুরের কোনো সুযোগ দেওয়া যাবে না এবং নাশকতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সাধারণ শ্রমিকদের বিভ্রান্তি ও গুজবে পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমবান্ধব এই সরকার সবসময় শ্রমিকদের পাশে থাকবে।