মুক্তিযোদ্ধাদের অবমাননা এবং স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক প্রয়াত মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় শহরের পাকাপোল ব্রিজের ওপর এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে শতাধিক মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুর আলম। বক্তারা বলেন, “১৯৭১ সালে পরাজিত শক্তি বাংলাদেশের মাটিতে নতুন করে চক্রান্ত শুরু করেছে।”
বক্তারা আরও জানান, “এদেরই ধারাবাহিকতায় পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা সৃষ্টি করা হয়েছে।” তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধাদের অবমাননাকারী এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির এ ধরনের অপতৎপরতা বন্ধ করার দাবি জানান।
বক্তারা দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।