ভারতের নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে আবেদন করেছে বিরোধী জোট ইন্ডিয়া। কংগ্রেস নেতা রাহুল গান্ধিসহ ১১ জন নেতা সোমবার (১২ অক্টোবর) এই আবেদন দাখিল করেন।
আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারসহ তিন নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে অসংগতি রয়েছে।
বিরোধী নেতারা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সংক্রান্ত সব নথি তলব এবং ঘটনার স্বাধীন তদন্তের আবেদন জানিয়েছেন। আইনজীবী এস প্রসন্নের মাধ্যমে এই আবেদনটি দায়ের করা হয়।
আবেদনকারীদের মধ্যে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী প্রসাদ যাদব, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এবং সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।
বিরোধী জোটের নেতারা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ও প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে, এবং এ কারণে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও তুলেছেন তারা।
বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আবেদনটি মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে পারে।