সরকার চার বছরের মধ্যে ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে চায়। এ লক্ষ্যে আজ থেকে দেশের ৭১১টি স্থানে তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৩ থেকে ৪ কোটি পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সোমবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বা ধর্মীয় কোনো বিবেচনা করা হবে না।
মন্ত্রী বলেন, কার্ডের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিএনপির কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততার সুযোগ রাখা হয়নি। ইউএনওর নেতৃত্বে স্থানীয় কমিটি কাজ করছে। সব ধর্মমতের দরিদ্র, অতিদরিদ্র ও নিম্নবিত্ত মানুষ ফ্যামিলি কার্ড পাবেন।
অনিয়মের কোনো সুযোগ নেই এবং পুরো কার্যক্রম অনলাইনে তদারকি করা হচ্ছে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের অর্থ স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও সঞ্চয়ে ব্যয় করছেন উপকারভোগীরা।
সরকারের লক্ষ্য, দীর্ঘদিন ভাতা দিয়ে নির্ভরশীল না রেখে মানুষকে স্বাবলম্বী করা। এ জন্য কার্ডের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে এবং পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।