আজ থেকে দেশের ৭৯১ স্থানে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাড়ে ৩ থেকে ৪ কোটি পরিবারের তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
সোমবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘আগামী চার বছরের মধ্যে ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ১৫ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার।’ ইতোমধ্যে ৭১ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, ‘রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, সকলকে এই কার্ড দেওয়া হবে। সমাজের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ এই সুবিধা পাবেন।’
তিনি আরও বলেন, অনিয়ম এড়াতে সম্পূর্ণ অটোমেটেড সফটওয়্যার এবং পিএমটি স্কোরের মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন করা হবে। তথ্য সংগ্রহকারী কাউকে সন্দেহজনক মনে হলে অভিযোগ করার আহ্বান জানান তিনি।