শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ অক্টোবর থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
২০, ২১ ও ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
তবে ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।
ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।
পূজার ছুটিতে আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।