বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশের অস্থিতিশীলতার জন্য পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে। তিনি বলেন, দেশের ভেতরেও একটি রাজনৈতিক শক্তি এ কাজে যুক্ত রয়েছে।
আজ সোমবার সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার’ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতেই এমন অপপ্রচার চলছে।’
রিজভী আরও বলেন, জামায়াত নেতাকর্মীদের সম্পর্কে মন্তব্য করে বলেন, ‘তারা গুপ্ত বলে পরিচিত। কারণ তারা ছাত্রদলের সঙ্গে মিশে ছিল এবং ছাত্রলীগের সঙ্গেও যুক্ত ছিল।’
তিনি বিএনপির দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ের কথা উল্লেখ করে বলেন, ‘বিএনপি একটি নীতি এবং আদর্শের জন্য লড়াই করেছে, অনেক রক্ত ঝরিয়ে এবং জীবন উৎসর্গ করে সেই লড়াইয়ে বিজয় নিশ্চিত করেছে।’
রিজভী আজ সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই দশক পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী সফর শেষে তিনি বিকেলে ঢাকায় ফিরবেন।