ভারতের রাজধানী দিল্লি আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে, যা দীপাবলির আগেই ঘটেছে। শহরের বায়ুমান সূচক মাত্র ২ দিনের ব্যবধানে ১১৭ থেকে বেড়ে ৩১০-এ পৌঁছেছে।
দূষণ নিয়ন্ত্রণে দিল্লি প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যানবাহন চলাচল, নির্মাণকাজ ও অফিস কার্যক্রমে একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৈধ সনদ ছাড়া জ্বালানি পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।
গত শনিবার শহরের বায়ুমান সূচক ছিল ১১৭, রোববার বেড়ে দাঁড়ায় ২৬১ এবং সোমবার সকালে তা ৩১০-এ পৌঁছায়। দূষণ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি দল মাঠে নেমেছে।
১ নভেম্বর থেকে কার্যকর হওয়া শীতকালীন দূষণ নিয়ন্ত্রণ কর্মপরিকল্পনার অংশ হিসেবে রাজধানীতে প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। প্রথম দিনেই প্রায় ১৫ হাজার গাড়ির নথি যাচাই করা হয়, যার মধ্যে ১০ শতাংশ যানবাহনকে দিল্লিতে প্রবেশ করতে দেয়া হয়নি।
অনিয়মের দায়ে ৬৮ লাখ ৪০ হাজার রুপি জরিমানা আদায় করা হয়েছে। যানবাহনের ধোঁয়া, রাস্তার ধুলা ও যানজট নিয়ন্ত্রণে কাজ করছে বিশেষ নজরদারি দল।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিএস-সিক্স মান পূরণ না করা যানবাহন ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে চলতে পারবে না। নির্মাণ ও ভবন ভাঙার কাজ বন্ধ থাকবে।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের নির্দেশ দেয়া হয়েছে, তবে জরুরি পরিষেবা এই নিয়মের বাইরে থাকবে। দূষণ নিয়ন্ত্রণের এসব বিধিনিষেধ ধাপে ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।