ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে আজ শুক্রবার বিকেলে আবারও আটক করা হয়েছে। তাকে দিল্লির যন্তর মন্তরের কাছে থেকে আটক করা হয়, যখন তিনি ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন।
আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ জানায়, অভিজিৎ বিকেল ৫টায় এই কর্মসূচির ডাক দিয়েছিলেন। কিন্তু তার বাড়ি থেকে আটক হওয়ার কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারেননি। এছাড়াও, নেহা বোরা নামের এক সদস্যকেও আটক করা হয়েছে।
গত শনিবারও অভিজিৎকে যন্তর মন্তরে কর্মসূচিতে যোগ দেওয়ার আগে আটক করা হয়েছিল। সিজেপি দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ওই কর্মসূচির আয়োজন করেছিল।
মুম্বাই থেকে দিল্লিতে আসার পর বিমানবন্দরে তাকে আটক করা হয়। শুক্রবারের কর্মসূচির জন্য তিনি কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সমাবেশের ডাক দিয়েছিলেন, কিন্তু তার আগেই পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে।
বৃহস্পতিবার দিল্লি পুলিশ ককরোচ পার্টিকে সতর্ক করে বলেছিল, ১৬৩ ধারা অমান্য করে চার বা তার বেশি ব্যক্তি জমায়েত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ জানিয়েছে, ১১ জনকে জাতীয় পতাকা নিয়ে কনট প্লেসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এখনো স্পষ্ট নয় যে, আটক হওয়া দিপকে ওই ছাড়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা।