প্রথমবারের মতো বাংলাদেশের কোনো আলোকচিত্রী হিসেবে পিনু রহমান হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার জিতেছেন। এই পুরস্কারের ১৫তম আসরে ‘ফ্যামিলি’ থিমে তিনি এই সম্মান অর্জন করেন।
১০ নভেম্বর, মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটায় দুবাই ফিউচার মিউজিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। পিনু রহমান ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের আলোকচিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন। ছবিতে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন এক পরিবারের পাঁচ সদস্য।
তিনি জানান, ছবির মাধ্যমে তিনি তুলে ধরেছেন যে, ঘরবাড়ি, সম্পদ কিংবা আশ্রয় হারিয়ে গেলেও পরিবারের বন্ধন ও ভালোবাসা অটুট থাকে। পিনু রহমান বর্তমানে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত।
পিনু রহমান পিরোজপুরে বেড়ে ওঠেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। তিনি বলেন, “আজ সকাল থেকে পুরো বাংলাদেশ আমার হয়ে কথা বলছে। এক জীবনে এর থেকে আর বড় কি প্রাপ্তি হতে পারে!”
এ বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেন পিনু রহমান। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনি বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হন। এছাড়া, ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডসে ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের আলোকচিত্রের জন্য প্রথম পুরস্কার পান।
পিনু রহমানের এই ‘গ্র্যান্ড পুরস্কার’ অর্জনের মাধ্যমে বাংলাদেশের আলোকচিত্র আবারও আন্তর্জাতিক স্বীকৃতি পেল। ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ থিমে প্রথম পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ।