নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপে যাওয়া ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪০ জন গ্রিস থেকে এবং ৪ জন সাইপ্রাস থেকে ফিরেছেন। আজ বুধবার সকাল সোয়া ৯টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ফেরত আসা সবাইকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, "লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এত দিন শীর্ষে ছিলেন। এ বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম।"
শরিফুল হাসান আরও জানান, ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর হচ্ছে এবং নতুন অভিবাসন নীতি অনুযায়ী, অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে।
এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে একজন টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ব্যাপারে অন্যদের উৎসাহিত করেছেন। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ব্র্যাক কাজ করছে।
বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে নথিপত্রহীন বাংলাদেশিদের ফেরত আনার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।
শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়।