গ্রিসের উপকূলে ২ শতাধিক অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া এসব অভিবাসীর মধ্যে বেশির ভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক।
স্থানীয় সংবাদমাধ্যম দেমোক্রাতিয়া জানায়, লিবিয়া উপকূল থেকে নৌকাগুলো ছেড়ে আসার পর ৪৮ ঘণ্টার কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসনপ্রত্যাশী ক্রিট দ্বীপে পৌঁছান। এর ফলে দ্বীপে অবস্থিত অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপ বৃদ্ধি পেয়েছে।
গত বৃহস্পতিবার সকালে ৪০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি নতুন নৌকা ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রায় পৌঁছায়। ইউরোপের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ নৌকাটিকে শনাক্ত করে।
এর আগে ১১২ জন অভিবাসনপ্রত্যাশী আরও দুটি নৌকায় করে সেখানে পৌঁছান। প্রথম নৌকায় ৫৬ জন ছিলেন, তাদের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌকাটিতেও ৫৬ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন, তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশের এবং ৯ জন মিশরের নাগরিক।