সুদানের রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে এবং ৫০ জন আহত হয়েছে। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলার ঘটনা ঘটে।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। সুদান বা মিশর সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
এই অঞ্চলে খনিশ্রমিকদের লক্ষ্য করে অতীতে হামলার ঘটনা ঘটেছে, এবং সেসব ঘটনায় মিশরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে, এসব হামলা শুধু সুদানের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়, বরং ওই অঞ্চলের ওপর সরকারের নিয়ন্ত্রণহীনতারও প্রমাণ।
সংগঠনটি আরও উল্লেখ করে, বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।