পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। বর্তমানে নিখোঁজ ৮৪ জনের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম রোববার এক বিবৃতিতে জানায়, ৮ থেকে ৯ অক্টোবর রাতে জিবুতির উপকূলে নৌকাটি ডুবে যায়। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, নৌকাটি জিবুতি থেকে ৩৫০ জন যাত্রী নিয়ে ইয়েমেনের উদ্দেশে রওনা হয়েছিল।
নৌকাটি যখন উল্টে যায়, তখন এটি ওবক শহরের উত্তরে ছিল। এ ঘটনায় ৮২ জন বেঁচে গেছেন, যাদের সবাই ইথিওপিয়ার নাগরিক। আইওএম জানিয়েছে, তারা জিবুতির কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধারকাজে অংশগ্রহণ করছে।
আইওএম আরও জানায়, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা অস্থিরতা সত্ত্বেও দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব অনেক মানুষকে এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে বাধ্য করছে।