নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
৩ আগস্ট, ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম এর উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। সাক্ষাতের সময়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম) এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ অভিবাসন-সংক্রান্ত বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আইওএমকে ধন্যবাদ জানান বাংলাদেশের উন্নয়ন ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিনের সহযোগিতার জন্য। এছাড়া, নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণ, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আইওএমের সহায়তা কামনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী অভিবাসী কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা জোরদারের আহ্বান জানান। তিনি সংকটাপন্ন দেশগুলো থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন ও টেকসই পুনর্বাসনের উপরও গুরুত্বারোপ করেন।
আইওএম এর উপ-মহাপরিচালক বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনায় উদ্যোগ ও নেতৃত্বের প্রশংসা করেন। তিনি নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের প্রতিষ্ঠায় বাংলাদেশের সক্রিয় ভূমিকারও স্বীকৃতি দেন। বৈঠকের শেষে, উভয় পক্ষ অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং বাংলাদেশের মানবিক ও অভিবাসন-সংক্রান্ত অগ্রাধিকার বাস্তবায়নে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।