রাজধানীর উত্তরখানের এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা এ হামলা চালায়, এমন দাবি করেছে ডিএনসিসি।
ঘটনার পরপরই ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা বলেন।
এছাড়া, পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রশাসক।
পরিদর্শন শেষে, ডিএনসিসির প্রশাসক এবং সংসদ সদস্য হামলায় আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান এবং তাদের খোঁজ-খবর নেন।