সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য জেলা প্রশাসন সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের চলাচল নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সীমানার মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নৌযান মালিকদের আগামী ১০ আগস্টের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হাউসবোট ও নৌযানে পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং ট্যুর শুরুর আগে তা পর্যটকদের জানাতে হবে। উচ্চস্বরে গান-বাজনা, মাইক ব্যবহার কিংবা পার্টি আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ।
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিষিদ্ধ করা হয়েছে এবং প্রতিটি হাউসবোটে নিরাপদ পানীয় জলের জন্য পানি বিশুদ্ধকারী ফিল্টার রাখতে হবে। হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতালসহ জরুরি প্রয়োজনে যোগাযোগ নম্বর পর্যটকদের জানাতে হবে। প্রতিটি হাউসবোটে লাইফ জ্যাকেট, লাইফবয় রিং ও অগ্নিনির্বাপক যন্ত্র সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রতিটি হাউসবোটে SEPTIC ট্যাংক স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ধরনের বর্জ্য হাওর বা জলাশয়ে ফেলা যাবে না। মালিক ও ট্যুর অপারেটরদের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হবে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন নিষিদ্ধ থাকবে। আকস্মিক ঝড় বা বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামী ১০ আগস্টের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসকের কাছে নিবন্ধনের জন্য আবেদন দাখিল করতে হবে।