বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর শিক্ষার্থীরা আন্তর্জাতিক 'মেট রভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬'-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
২ আগস্ট, রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী দলটির সদস্যদের অভিনন্দন জানান এবং গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে সরকারের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ।
প্রধানমন্ত্রী তরুণদের প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে সাহায্য করার প্রতিশ্রুতি দেন এবং বলেন, সরকার বিভিন্ন খাতে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করছে।
এমআইএসটির শিক্ষার্থীরা জানান, তারা পড়াশোনা শেষে প্রযুক্তি খাতে কাজ করতে এবং নতুন প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। প্রধানমন্ত্রী তাদেরকে স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এমআইএসটির 'ম্যাভিরভ' দল কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৮টি দেশের ৮৮টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্বচ্যাম্পিয়ন হয়। যুক্তরাষ্ট্র রানারআপ এবং কানাডা তৃতীয় স্থান অর্জন করে।