সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলা

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ, আহত পরিচ্ছন্নতাকর্মীদের চিকিৎসা চলছে।

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। ডিএনসিসির দাবি, উত্তরখানের রাজাবাড়ি এলাকার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের লোকজন এ হামলা চালায়।

আজ রোববার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার ঘটনাটি ঘটে সকাল বেলায় এসটিএসে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর। ঘটনাস্থলে দুপুরে ডিএনসিসির প্রশাসক, সংসদ সদস্য, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ সদস্যরা উপস্থিত হন।

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থলে পৌঁছে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার শুরু করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসক ও সংসদ সদস্যের সামনে মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।

হামলায় বেশ কয়েকজন আহত হন। পুলিশ মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

পরে ডিএনসিসির প্রশাসক ও সংসদ সদস্য আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নিতে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। এ সময় প্রশাসক বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসি জানায়, রোববার সকালে এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়, যার ফলে চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন