রাজধানীর হাজারীবাগে পুলিশের টহল দলের ওপর হামলা ও একটি পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে হাজারীবাগ থানার চর ওয়াশপুর এলাকার একটি বাড়ির ছাদে অনধিকার প্রবেশের অভিযোগ পেয়ে ৯৯৯ এর মাধ্যমে পুলিশ খবর পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) আকতার হোসেন। পুলিশ অভিযোগের বিষয়ে অনুসন্ধানকালে বিবাদীরা অতর্কিতভাবে টহল দলের ওপর হামলা চালায়।
হামলার সময় ধারালো চাপাতি দিয়ে টহল দলের গাড়িচালক কনস্টেবলের ডান হাতের কবজি ও ডান কাঁধে গুরুতর আঘাত করা হয়। হামলাকারীরা সরকারি পিকআপ ভ্যানের কাচ ও বডি ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত পুলিশ সদস্যকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতরা হলেন বিল্লাল হোসেন সানি (২০), আফসানা আক্তার রিয়া (২৪), ফাতেমা আক্তার সনিয়া (৩৭), মো. রুবেল মাজি ওরফে রড রুবেল (৩০) এবং মাইদুল ইসলাম তামিম (২০)।
গ্রেফতারকৃতদের ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।