যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত কয়েক মাসে ইরান সমুদ্রে বেসামরিক নাবিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে ২০ জনের বেশি মানুষকে হত্যা করেছে।
সেন্টকম সোমবার (২ নভেম্বর) এই অভিযোগ করে বলেছে, ইরান উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর বেসামরিক অবকাঠামো এবং আবাসিক এলাকায়ও ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রতিবেশী দেশগুলোর বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের বক্তব্যকে মিথ্যা বলে উল্লেখ করেছেন।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, 'ইরানের নির্বিচার আগ্রাসন স্পষ্ট এবং কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়।' তবে ২০ জন নাবিক নিহত হওয়ার দাবির পক্ষে নির্দিষ্ট কোনো ঘটনার বিবরণ উল্লেখ করা হয়নি।
আন্তর্জাতিক নৌ-সংস্থা (আইএমও) এখন পর্যন্ত সেন্টকমের দাবির সঙ্গে সরাসরি মেলে এমন কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। ২৫ আগস্টের এক প্রতিবেদনে আইএমও জানিয়েছে, ছয় মাসের যুদ্ধ চলাকালে ৬৮টি ঘটনায় অন্তত ২০ জন নাবিক ও বন্দরকর্মী নিহত হয়েছেন।
ইরানের বণিক নাবিক ইউনিয়ন দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ২৮ ফেব্রুয়ারি থেকে ১ এপ্রিলের মধ্যে অন্তত ৪৪ জন ইরানি নাবিক নিহত হয়েছেন।
উপসাগরীয় দেশগুলোও ইরানের বিরুদ্ধে জ্বালানি অবকাঠামো ও আবাসিক এলাকায় হামলার অভিযোগ তুলেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, ইরানের হামলার ব্যাপকতা মার্কিন ঘাঁটিতে হামলার দাবির সঙ্গে সাংঘর্ষিক।
এদিকে, চলতি পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে সামরিক হামলার সম্ভাবনা বিবেচনা করছে। উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৪ নভেম্বরের মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে ওয়াশিংটন তাদের সতর্ক করেছে।