ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। আলাদা দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার নোনি জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের গুলিতে কুকি সম্প্রদায়ের ৩ সদস্য নিহত হয়েছে। এছাড়া, সপ্তাহের শুরুতে নিখোঁজ হওয়া একই সম্প্রদায়ের আরও ২ ব্যক্তির মরদেহ রোববার সকালে কাং-পোকপি জেলা থেকে উদ্ধার করা হয়।
এসব হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে কুকিরা। তারা দাবি করছে, এই হামলাগুলো তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণ।
মরদেহ উদ্ধার হওয়ার পর কাং-পোকপিতে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।