মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের একটি আকস্মিক হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে, সেন্টকম জানায়, এসব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।
সেন্টকমের পক্ষ থেকে আরও বলা হয়, মার্কিন বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে। হামলার সময় চারটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন যে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা বন্ধ করেছে এবং ইরান আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। তবে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ট্রাম্পের বক্তব্যের সঙ্গে ভিন্ন অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা চলছে না।