আগামী ১২ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই ঘটনা জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ নেই, তবে অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে মহাকাশপ্রেমীরা এটি দেখতে পারবেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, এই গ্রহণের বলয় গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর এবং স্পেনের ওপর দিয়ে অতিক্রম করবে।
এছাড়া, পর্তুগালের একটি ছোট অংশ থেকেও এই দৃশ্য দেখা যাবে। উত্তর গোলার্ধের বহু অঞ্চল, যেমন যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে উত্তর ক্যারোলিনা, কানাডা, ইউরোপের অধিকাংশ এলাকা এবং উত্তর-পশ্চিম আফ্রিকার বাসিন্দারা আংশিক সূর্যগ্রহণ দেখতে পারবেন।
সূর্য ডুবানোর সময় ইউরোপ ও আফ্রিকার পশ্চিম উপকূলে একটি বিরল ‘সূর্যাস্ত সূর্যগ্রহণ’ দেখার সুযোগও থাকবে।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়ায় এবং সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। এ সময় দিনের বেলাতেও চারপাশ অন্ধকার হয়ে যায়, যেন হঠাৎ ভোর বা গোধূলি নেমে এসেছে।
নাসা জানায়, সূর্য চাঁদের চেয়ে প্রায় ৪০০ গুণ বড় এবং পৃথিবী থেকে চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ বেশি দূরে অবস্থিত। এই দূরত্বের ভারসাম্যের কারণে পৃথিবী থেকে চাঁদ ও সূর্যকে প্রায় একই আকারের মনে হয়।
বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ না দেখতে পাওয়ার প্রধান কারণ হলো সময়ের পার্থক্য। স্থানীয় সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে ১২ আগস্ট রাত ১০টা ১৫ মিনিটে এবং শেষ হবে ১৩ আগস্ট রাত ২টা ৪৫ মিনিটে। রাতের কারণে বাংলাদেশ, ভারতসহ উপমহাদেশের কোনো স্থান থেকেই এই গ্রহণ দেখা যাবে না।