আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী অবস্থান করছে। সর্বশেষ এই ঘটনা ঘটেছিল ২০২৪ সালের এপ্রিলে। দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে পৃথিবীবাসী।
রোমাঞ্চকর এই ক্ষণের সাক্ষী হতে মুখিয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। তবে, নির্দিষ্ট কিছু স্থানে দিনেই নামবে অন্ধকার। ইউরোপের মূল ভূখণ্ডের মানুষ সূর্যগ্রহণটি ভালোভাবে দেখতে পারবেন। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া, পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশেও দৃশ্যটি দেখা যাবে।
১৯৯৯ সালের পর, এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। তবে, বৃষ্টির শঙ্কা রয়েছে, যা দূরদুরান্ত থেকে আগত দর্শনার্থীদের চিন্তিত করছে। বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণটি শুরু হবে এবং এর স্থায়ীত্বকাল হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।
সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়। বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়। নাসার তথ্যানুযায়ী, প্রতি বছর পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়, তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলক বিরল। প্রতি এক শতাব্দীতে গড়ে ৬৬ বার বা দেড় বছর পরপর এটি ঘটে থাকে।