হত্যা ও নির্যাতনের অভিযোগে সিরিয়ার আদালত ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে। মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয় তাঁর অনুপস্থিতিতে। একই মামলায় আসাদের চাচাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বিচারক যখন সাজা ঘোষণা করছিলেন, তখন নাজিবকে আদালতকক্ষে একটি খাঁচার ভেতরে দেখা যায়। ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর আসাদ ও তাঁর পরিবার মস্কোতে পালিয়ে যান এবং এরপর তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
২০১১ সালের মার্চে সরকারি বাহিনী কর্তৃক একটি দল কিশোরকে আটক ও নির্যাতনের পর সিরিয়ার দারা শহরে আসাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ দমনে সরকারি বাহিনী ব্যাপক সহিংসতা চালায়, যা পরে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং গৃহযুদ্ধে রূপ নেয়। এই সংঘাতের ফলে সিরিয়ায় কয়েক লাখ মানুষ নিহত হন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার অন্তর্বর্তী সরকার আসাদ ও তাঁর প্রশাসনের কর্মকর্তাদের বিচার শুরু করে। তবে সিরিয়ার বর্তমান সরকার মস্কো থেকে আসাদকে প্রত্যর্পণ করাতে পারবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন বাহিনী মাত্র ১১ দিনের অভিযানে ক্ষমতা দখল করে এবং আসাদের পতন ঘটায়। নতুন সরকার সাবেক সরকারের বহু কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীকে আটক করেছে, কিন্তু পুরোনো শাসনব্যবস্থার অধিকাংশ শীর্ষ কর্মকর্তাই এখনো তাঁদের নাগালের বাইরে রয়েছেন।