আজ রাতের আকাশে এক অভূতপূর্ব ও বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই দিনে মহাবিশ্বে ঘটতে চলেছে চারটি বড় মহাজাগতিক ঘটনা: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছয়টি গ্রহের এক সারিতে অবস্থান, পার্সেইড উল্কাবৃষ্টি এবং অমাবস্যার অন্ধকার রাত।
বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হবে বছরের সবচেয়ে আকর্ষণীয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যা গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের আকাশ থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এটি সরাসরি দেখা যাবে না।
সৌরজগতের ছয়টি গ্রহ—বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ইউরেনাস—আজ আকাশে এক সারিতে অবস্থান করবে। ভোররাতের আকাশে টেলিস্কোপ বা খালি চোখেও এই বিরল দৃশ্য অবলোকন করা যাবে।
আজ রাতের আকাশে দেখা যাবে আলোর বর্ণচ্ছটা। 'পার্সেইড উল্কাবৃষ্টি' আজ রাতে তার সর্বোচ্চ সক্রিয়তায় পৌঁছাবে, যেখানে ঘণ্টায় ৬০ থেকে ১২০টি উল্কাপাত দেখা যেতে পারে। অমাবস্যার কারণে চাঁদের তীব্র আলো না থাকায় উল্কাবৃষ্টির আলোকছটা দেখার জন্য এটি আদর্শ পরিবেশ তৈরি করেছে।
তবে এসব মহাজাগতিক ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব ছড়িয়েছে, যেমন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সাময়িক উধাও হওয়ার দাবি। জ্যোতির্বিজ্ঞানীরা এসবকে সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে, সূর্যগ্রহণ বা গ্রহের অবস্থানের সাথে পৃথিবীর মহাকর্ষ বলের কোনো সম্পর্ক নেই।
বিশেষজ্ঞরা নিরাপদে উল্কাবৃষ্টি উপভোগের জন্য মধ্যরাতের পর শহরের কৃত্রিম আলো থেকে দূরে কোনো খোলা জায়গায় বা বাড়ির ছাদে যাওয়ার পরামর্শ দিয়েছেন।