পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রবিবার (১১ অক্টোবর) এ তথ্য জানায়।
প্রায় ৩৫০ অভিবাসী নিয়ে নৌকাটি গত ৮ ও ৯ অক্টোবর মধ্যরাতে জিবুতির ওবক শহরের উত্তরে গুহেরে উপকূলের কাছে ডুবে যায়। উদ্ধার হওয়া ১০৯ মরদেহের মধ্যে ৫২ পুরুষ, ৪২ নারী এবং ১৫টি শিশু রয়েছে। নিহত শিশুদের মধ্যে ৯ কন্যাশিশু এবং ৬ জন ছেলেশিশু অন্তর্ভুক্ত রয়েছে।
বেঁচে যাওয়া যাত্রীদের বর্ণনার ভিত্তিতে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে আইওএম। নৌকাডুবির পর ৮০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের সবাই ইথিওপিয়ার নাগরিক। তবে ইথিওপিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জিবুতিতে আইওএম-এর মিশন প্রধান আলেকজান্ডার কোয়াশাক বলেন, ‘এটি হৃদয়বিদারক ঘটনা। বেঁচে যাওয়া ব্যক্তি এবং পরিজন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের সহানুভূতি রয়েছে।' তিনি আরও জানান, অর্থনৈতিক কারণে অনেকেই বাব-এল মান্দেব প্রণালি পাড়ি দিয়ে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে যান, যা কতটা বিপজ্জনক তা এই দুর্ঘটনা প্রমাণ করে।
আইওএম জানিয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক অস্থিতিশীলতা বাড়ছে। দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর বহু মানুষ এই বিপজ্জনক সমুদ্রযাত্রা বেছে নিচ্ছেন। জিবুতির কর্তৃপক্ষের সঙ্গে আইওএম-এর দলগুলো দুর্ঘটনাস্থলে জরুরি ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে।