পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে ১৫ শিশুসহ অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জন।
রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানায়, প্রায় ৩৫০ অভিবাসী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে রওনা হয়েছিল। নৌকাটি গত ৮ ও ৯ অক্টোবর মধ্যরাতে জিবুতির ওবক শহরের উত্তরে গুহেরে উপকূলের কাছে ডুবে যায়।
উদ্ধার হওয়া ১০৯ মরদেহের মধ্যে ৫২ পুরুষ, ৪২ নারী এবং ১৫টি শিশু রয়েছে। নিহত শিশুদের মধ্যে ৯ কন্যাশিশু ও ৬ জন ছেলেশিশু রয়েছে। বেঁচে যাওয়া যাত্রীদের বর্ণনার ভিত্তিতে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে আইওএম।
নৌকাডুবির পর ৮০ এর বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের সবাই ইথিওপিয়ার নাগরিক। তবে এ বিষয়ে ইথিওপিয়া সরকারের মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
জিবুতিতে আইওএম-এর মিশন প্রধান আলেকজান্ডার কোয়াশাক বলেন, 'এটি হৃদয়বিদারক ঘটনা। বেঁচে যাওয়া ব্যক্তি এবং পরিজন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের সহানুভূতি রয়েছে।' তিনি আরও জানান, অর্থনৈতিক কারণে অনেকে বাব-এল মান্দেব প্রণালি পাড়ি দিয়ে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে যান।
আইওএম জানায়, মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক অস্থিতিশীলতা বেড়ে যাওয়ার কারণে দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর বহু মানুষ এই বিপজ্জনক সমুদ্রযাত্রা বেছে নিচ্ছেন।