পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে বাংলাদেশ টেস্ট দলের প্রথম বহর। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টায় জোহানেসবার্গে অবতরণ করে শান্ত-মুশিদের বহনকারী ফ্লাইট।
মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ে বাংলাদেশের ১৭ সদস্যের প্রথম বহর। এই দলে ছিলেন অধিনায়ক নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মুমিনুল হক এবং প্রথমবার দলে ডাক পাওয়া মাহফিজুল রবিন।
হেড কোচ ফিল সিমন্সও গেছেন প্রথম বহরে। বিমানবন্দরে অবতরণের পর ক্রিকেটারদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী।
রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আশরাফুল ইসলাম। এ ছাড়াও প্রবাসীদের অনেকেই ক্রিকেট দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আগামী ১৫ই নভেম্বর শুরু হচ্ছে জোহানেসবার্গ টেস্ট। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা, শুক্রবার সকাল সাড়ে ৯টা এবং শনিবার দুপুর ২টায় ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা।
বাংলাদেশ দলের দ্বিতীয় বহর দক্ষিণ আফ্রিকা পৌঁছাবে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টায়। এই গ্রুপে থাকবেন তাওহীদ হৃদয়, খালেদ আহমেদ, জাকের আলী অনিকসহ স্কোয়াডের বাকিরা। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু সেঞ্চুরিয়ন, যা শুরু হবে ২৩ নভেম্বর।