বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগণের নিরাপদ প্রত্যাবাসন এবং ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তিনি বলেন, ডাচেসের এই সফর রোহিঙ্গাদের জন্য আশার বার্তা বহন করছে।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, ডাচেস অব এডিনবার্গের রোহিঙ্গা শিবির পরিদর্শন মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে।
তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি ডাচেসকে বাংলাদেশে স্বাগত জানান এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে তারা যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও নারীদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। ডাচেস তার সফরের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বাংলাদেশের নারীদের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে অবদানের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, ডাচেসের সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে।