শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন।

ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের ভিয়েতনাম ভ্রমণ সহজ করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং-এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ৫ দশকের বেশি সময় ধরে বিদ্যমান। এই সম্পর্ককে আরও জোরদার করতে দুই দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। ভিসা প্রক্রিয়া সহজ করা পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকালে ভিয়েতনামের রাষ্ট্রদূত দুই দেশের রাজধানীর মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর ওপর গুরুত্ব দেন। তিনি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। রাষ্ট্রদূত ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি তাকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি সাক্ষাৎকালে ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ভিয়েতনাম যাওয়ার স্মৃতিচারণ করেন। তিনি দুই দেশের জনগণের মধ্যকার ঐতিহাসিক বন্ধন ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির সুযোগ তৈরিতে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশে উৎপাদিত ওষুধ, চামড়া, সিরামিক, বাইসাইকেল, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন রপ্তানি পণ্যের ভিয়েতনামে আমদানি বাড়ানোর আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ভিয়েতনামের রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন এবং ভিয়েতনামের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যও শুভকামনা জানান।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিববৃন্দ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনাম দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন