কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলায় এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দহকুলা কারিগর পাড়া ও জোতপাড়ার তিনজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দহকুলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. রওশন আলী (নুশু) মারা যান।
এছাড়া, একই গ্রামের মৃত হারেজ আলীর ছেলে সমেজ আলী এবং জোতপাড়ার মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল জলিলও আহত হয়েছেন। তারা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্যদিকে, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আরোজ আলীও বজ্রপাতে মারা গেছেন। এছাড়াও, কুষ্টিয়ায় বজ্রপাতে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।