রাজধানীর যমুনা ফিউচার পার্কে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতের দুই তারকা, নগর বাউলের জেমস ও আর্কের হাসানের কনসার্ট। অনুষ্ঠানটি শুরু হবে আজ শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ৩টায়, যমুনা শপিং কমপ্লেক্সের কার্নিভাল অ্যারেনায়।
‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই কনসার্টে জেমস ও হাসানের পাশাপাশি আরও তিনটি জনপ্রিয় ব্যান্ড, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য পারফর্ম করবে। এছাড়া, গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন এবং একক পরিবেশনাতেও মঞ্চ মাতাবেন।
কনসার্টে নিজ দল নগরবাউল নিয়ে পারফর্ম করবেন জেমস। তিনি বলেন, “দেশে অনেকদিন পর টিকিট কনসার্ট করছি। আশা করি শ্রোতা-দর্শক নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।”
কনসার্টে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। আয়োজকদের পক্ষ থেকে টিকিট ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে, যেমন একটি টিকিট দিয়ে ভেন্যুতে একবার প্রবেশ করা যাবে এবং রি-এন্ট্রি হবে না। এছাড়া, বড় কোনো ব্যাগ সঙ্গে নেওয়ার অনুমতি নেই, শুধুমাত্র ছোট হাতব্যাগ বা পার্স নিতে পারবেন দর্শকরা।
আয়োজকেরা জানিয়েছেন, কনসার্টের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক অনুমতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।