ইতালির রোমে কনসার্ট শেষে জনপ্রিয় রকস্টার নগরবাউল জেমস ও তাঁর টিমের বিরুদ্ধে হোটেল রুম নোংরা রাখার অভিযোগ উঠেছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই কারণে তাঁদের ন্যূনতম ২০০ ইউরো জরিমানা দিতে হবে।
গত ১৬ আগস্ট রোমের একটি কনসার্টে অংশ নেওয়ার জন্য জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন। চেক-আউটের পর হোটেল কর্তৃপক্ষ রুমের অবস্থা নিয়ে অভিযোগ জানায়।
হোটেল কর্তৃপক্ষের পাঠানো ছবিতে দেখা যায়, রুমের মেঝেতে প্লাস্টিকের পানির বোতল, খাবারের উচ্ছিষ্ট, এবং রান্নাঘরের সিঙ্কে নোংরা থালা-বাসন পড়ে রয়েছে। হোটেল কর্তৃপক্ষ আয়োজক প্রতিনিধিকে রুমের অবস্থা সম্পর্কে জানানোর পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।
জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন অভিযোগকে ‘তুচ্ছ ঘটনা’ বলে উল্লেখ করেন এবং বলেন যে, হোটেল কর্তৃপক্ষের অভিযোগ ভিত্তিহীন। তিনি জানান, জেমস ও তাঁর টিমের সদস্যরা মোট ৪টি কক্ষে ছিলেন এবং অভিযোগের ৫৪৯ নম্বর কক্ষের অবস্থার দায়ভার জেমসের ওপর বর্তায় না।
এদিকে, আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ রবিনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন। তিনি জানান, কনসার্টের অর্থ নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং রবিন এ বিষয়ে কোনো সঠিক হিসাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে রবিন বা জেমসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।