বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

রজনীকান্তের ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই আয় ৫৭৭ কোটি রুপি

রজনীকান্তের ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ৫৭৭ কোটি রুপি।

রজনীকান্তের ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই আয় ৫৭৭ কোটি রুপি

দুর্গাপূজায় মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার ২’। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করছে।

২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘জেলার’-এর এই সিকুয়েল দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে আয়েও ব্যাপক সাফল্য দেখিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ‘জেলার ২’ সর্বকালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় চতুর্থ স্থান দখল করেছে।

ছবিটি পেছনে ফেলেছে মণি রত্নমের 'পোনিয়িন সেলভান-১' ও লোকেশ কানাগরাজের 'কুলি'র মতো সিনেমা। একই সঙ্গে, ২০২৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলোর মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে উঠেছে।

বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ভারতে ‘জেলার ২’ নিট আয় করেছে ৩১৭ কোটি ২০ লাখ রুপি। দেশটিতে সিনেমাটির মোট আয় ৩৭১ কোটি ৪৫ লাখ রুপি। বিদেশের বাজার থেকে আসা ২০৫ কোটি রুপি মিলিয়ে মুক্তির প্রথম সপ্তাহ শেষে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি।

এই আয় দিয়ে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’কে টপকে এটি ২০২৬ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের স্থান দখল করেছে।

২০২৬ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমাগুলো হলো– 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' (১,৮১৩ কোটি রুপি), 'জেলার ২' (৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি), 'দৃশ্যম: দ্য কনক্লুশন' (৫৬০ কোটি রুপি), 'হনুমান অংশ' (৪৫১ কোটি রুপি), 'বর্ডার ২' (৪৫০ কোটি রুপি)।

নেলসন দিলীপকুমার ও রজনীকান্ত জুটি ২০২৩ সালে উপহার দেয় ব্লকবাস্টার ছবি ‘জেলার’। এই জুটির ‘জেলার ২’ প্রযোজনা করেছেন সান পিকচার্সের ব্যানারে কালানিধি মারান। রজনীকান্ত ছাড়াও সিনেমাটির আগের কিস্তির মতো এবারও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণান, মির্না ও ঋত্বিক। নতুন করে যুক্ত হয়েছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরাজ ভেঞ্জারামুডু ও বিদ্যা বালান।

বিজ্ঞাপন