মুক্তির মাত্র পাঁচ দিনে বিশ্বজুড়ে ৬৬৩ কোটি রুপি আয় করেছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। সোমবার (৯ নভেম্বর) পঞ্চম দিনে সিনেমাটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটি ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘সুলতান’ ও ‘জেলার’-এর মতো ব্লকবাস্টার সিনেমার মোট আয়কেও ছাড়িয়ে গেছে।
নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি গত ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায়। মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী আয় করে ১২৮ কোটি রুপি। প্রথম চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্ত শেষে সিনেমাটির মোট আয় দাঁড়ায় ৫০০ কোটি রুপি। তবে, পঞ্চম দিনে এসে আয়ের গতি আরও বেড়ে গেছে।
ভারতে দিওয়ালির ছুটির প্রভাব পড়েছে সিনেমাটির বক্স অফিসে। সোমবার এক দিনেই দেশটির বাজারে ১০৭ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করেছে ‘রামায়ণ’। ফলে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৩৪৬ কোটি রুপি, এবং গ্রস আয় ৪১৩ কোটি রুপি।
দেশের বাইরেও সিনেমাটির আয় বাড়ছে। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে সনি পিকচার্স। সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৫৯ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। উত্তর আমেরিকায় প্রথম দিনে আয় করেছে ১ কোটি ২২ লাখ ডলার, এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে আয় ১ কোটি ১০ লাখ ডলারের কিছু বেশি। সোমবার পর্যন্ত বিদেশের বাজারে মোট আয় দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ডলারে।
সব মিলিয়ে পাঁচ দিনে বিশ্বব্যাপী ‘রামায়ণ’-এর গ্রস আয় ৬৬৩ কোটি রুপি। এদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) ভাই দুজের ছুটি থাকায় ভারতে সিনেমাটির আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নামিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিও, ডিএনইজি ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘রামায়ণ’। দুই পর্বের সিনেমাটির প্রথম অংশে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে। দর্শকরা এখন দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করছেন, যা ২০২৮ সালের দিওয়ালিতে মুক্তির কথা রয়েছে।