কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ভুয়া কনটেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমে একটি পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন।
মেহজাবীন বলেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়। এটি একটি অপরাধ।’ তিনি আরো যোগ করেন, ‘যখন একই কনটেন্ট শতশত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করে, তখন বিষয়টি একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি একটি বৃহৎ সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে।’
অভিনেত্রী প্রশ্ন তোলেন, ‘সমাজ হিসেবে আমরা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি?’ তিনি বলেন, ‘একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটতো!’
মেহজাবীন বলেন, ‘কিছু ভিউ, কিছু লাইক, কিছু শেয়ার, ট্রেন্ডিংয়ে থাকা, হয়তো সেখান থেকে কিছু ডলার আয়। কিন্তু প্রশ্ন হলো, কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠলো?’
তিনি সতর্ক করেন যে, ‘এখন বিষয়টি শুধু নারী কিংবা পুরুষের মধ্যেই সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট আর ট্রেন্ডিংয়ের এই প্রতিযোগিতা লিঙ্গের সীমারেখা ছাড়িয়ে গেছে।’
মেহজাবীন বলেন, ‘আমাকে সবচেয়ে বেশি ভাবায় সেই অসংখ্য মানুষ, যারা স্বেচ্ছায় এমন কনটেন্ট শেয়ার করছে এবং আরো হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কিনা, ভেবে দেখতে পারেন।’