ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন ভারতের প্রখ্যাত গীতিকার ও সুরকার গৌতম ঘোষাল।
এটি ঐশিকা নদীর দ্বিতীয় গান, যা কলকাতার সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিত হচ্ছে। এর আগে ২০২৪ সালে উদয় বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে গাওয়া ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’ গানটি শ্রোতাদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছিল।
ঐশিকা নদী গত দেড় দশক ধরে তার কণ্ঠমাধুর্য এবং গায়কীর শৈলীর জন্য দর্শকশ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০১০ সালে প্রকাশিত ‘কবিতার গান’ অ্যালবামে কবি জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, ও শামসুর রাহমানের কবিতাগুলো অন্তর্ভুক্ত ছিল।
গানটি কলকাতার স্টুডিও রেজোনেন্সে রেকর্ড করা হয়েছে, যেখানে সঙ্গীতায়োজন করেছেন পার্থ পাল এবং শব্দ প্রকৌশলে রয়েছেন সঞ্জয় ঘোষ। ভিডিও পরিচালনা করেছেন স্থপতি শুভ ইসলাম।
গানটি প্রসঙ্গে শিল্পী শুভমিতা, সুরকার-গীতিকার গৌতম ঘোষাল ও সুচিত্রা মিউজিকের কর্ণধার শংকর হালদার উচ্ছ্বসিত মন্তব্য করেছেন। গানটি ঢাকায় ও কলকাতায় একযোগে প্রকাশিত হবে।