বিশ্বের অন্যতম আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ-৬) মুক্তির সাথে সাথে ভারতীয় সংগীতশিল্পী রূপা বিশ্বাস সেনের ৪৪ বছর পুরনো গান ‘আজ শনিবার’ নতুন করে জনপ্রিয়তা অর্জন করেছে।
১৯৮২ সালে প্রকাশিত গানটি গেমের রেডিও স্টেশনে যুক্ত হওয়ায় তরুণ প্রজন্মের মধ্যে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত ১৯ নভেম্বর জিটিএ-৬ মুক্তির পর গেমাররা গানটি খুঁজে পান এবং এতে মেতে ওঠেন।
রূপা বিশ্বাস সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আজ আমি ভীষণ খুশি, কারণ গতকাল শুনেছি আমার ‘আজ শনিবার’ গানটি জিটিএ সিক্সে যুক্ত করা হয়েছে।” তিনি আরও জানান, গেমের অংশ হতে পেরে নিজেকে সম্মানিত মনে করছেন।
১৯৮২ সালে রূপা বিশ্বাসের অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’-এ অন্তর্ভুক্ত গানটি কানাডা সফরের সময় রেকর্ড করা হয়। গানটিতে ডিস্কো ও পাঙ্ক ধাঁচের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের আবহ যুক্ত করা হয়েছিল।
মুক্তির সময় গানটি তেমন শ্রোতাপ্রিয়তা পায়নি, তবে ২০১২ সালে ‘মিস লাভলি’ চলচ্চিত্রে ব্যবহৃত হওয়ার পর তা নতুন করে জনপ্রিয় হতে শুরু করে। অনলাইনে গানটি ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক ডিজে ও সংগীত সংগ্রাহকদের নজর কাড়ে।
‘ক্যারিবু’ ও ‘ডাফনি’ নামে পরিচিত কানাডিয়ান সংগীতশিল্পী ড্যান স্নেইথসহ অনেকেই গানটিকে নতুন করে তুলে ধরতে ভূমিকা রাখেন। অ্যালবামটির মূল রেকর্ড এখন দুর্লভ সংগ্রহে পরিণত হয়েছে এবং কিছু কপি ৫০০ পাউন্ডেরও বেশি দামে বিক্রি হয়েছে বলে জানা যায়।
এখন জিটিএ-৬-এ গানটির অন্তর্ভুক্তি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।