দেশের ওটিটি ইতিহাসে আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’ এবার নতুন রূপে হাজির হচ্ছে। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে প্রথম দেখা মেলে এই চরিত্রের। এরপর নির্মাতা শিহাব শাহীন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নামে একটি আলাদা সিরিজ নির্মাণ করেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
নতুন কিস্তির শুটিং ইতিমধ্যেই ঢাকার আশপাশে শুরু হয়েছে। চরিত্রটির জন্য আবারও নাসিরউদ্দিন খানকে দেখা যাবে। তবে আগের দুই সিজনে ‘শায়লা’ চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলা এবার থাকছেন না। তাঁর জায়গায় নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
নির্মাতা শিহাব শাহীন জানান, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফর্ম করা সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে।’ তবে একটি সূত্র নিশ্চিত করেছে যে, প্রভা ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র তৃতীয় কিস্তিতে অভিনয় করছেন।
মিথিলার পরিবর্তে প্রভার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ করছেন এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করছেন। এ কারণে দেশে ফিরে শুটিংয়ে অংশগ্রহণ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
নতুন কিস্তিতে নাসিরউদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ অভিনয় করছেন। সবকিছু ঠিক থাকলে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’ আগামী ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাবে।